চট্টগ্রামে চালু হলো ‘আঙুলের ছাপ’ গ্রহণ পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চালু করা হয়েছে ‘আঙুলের ছাপ’ গ্রহণের পদ্ধতি। এর ফলে চাকরির জন্য বিদেশে যেতে আগ্রহী চট্টগ্রাম বিভাগের লোকজনকে ‘আঙুলের ছাপ’ (বায়োমেট্রিক ইমপ্রেশন) দিতে আর ঢাকায় যেতে হবে না। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-২-এ (সিজিও ভবন) জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় থেকে এ সেবা দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার সার্কিট হাউস মিলনায়তনে ‘আঙুলের ছাপ’ গ্রহণের পদ্ধতি উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করতে হলে বিদেশে বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার, বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মাফরুহা সুলতানা, পরিচালক (প্রশিক্ষণ) মো. নুরুল ইসলাম ও বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।জানা গেছে, জাল পাসপোর্ট শনাক্তকরণ এবং বিদেশে গিয়ে লোকজনকে অহেতুক হয়রানি থেকে বাঁচাতে বিএমইটি ‘আঙুলের ছাপ’ গ্রহণের পদ্ধতি চালু করে। ভিসা পাওয়ার পর বিএমইটি থেকে ছাড়পত্র (স্মার্ট কার্ড) নেওয়ার অংশ হিসেবে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ‘আঙুলের ছাপ’ দিতে হয়। আগে এ ছাপ দেওয়ার জন্য ঢাকায় যেতে হতো।