চট্টগ্রামে চায়ের নিলাম, বাজারে চাঙাভাব, বেড়েছে দামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চায়ের সাপ্তাহিক নিলাম বাজারে গতকাল মঙ্গলবার চাঙাভাব দেখা গেছে। প্রতি কেজি চায়ের দাম স্বাভাবিকের চেয়ে আট থেকে ১০ টাকা বেড়েছে। ক্রেতার তুলনায় চা-পাতা কম ছাড়ার কারণে এ পরিস্থিতি হয় বলে জানা গেছে।অন্যতম চা-বিক্রেতা প্রতিষ্ঠান পূর্ব বাংলা টি ব্রোকার্স লিমিটেডের পরিচালক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, পরপর দুটি নিলাম বন্ধ থাকায় এবার বাজারে ক্রেতা ছিল বেশি। ফলে সবাই চা কেনার চেষ্টা করায় দাম বেড়ে গেছে।নিলাম বাজার সূত্র জানায়, গতকাল প্রায় ২০ হাজার ব্যাগ বা প্রায় ১১ লাখ কেজি চা বিক্রির জন্য ছাড়া হয়। কেনার জন্য ক্রেতাদের তুমুল প্রতিযোগিতার কারণে সাধারণ মানের ভালো চায়ের দাম আগেরবারের তুলনায় কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেড়ে ১৭৫ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হয়। মাঝারি মানের চা বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা। দুই সপ্তাহ আগে সর্বশেষ নিলাম বাজারে এই দাম ছিল গড়ে কেজিতে আট থেকে ১০ টাকা কম।চলতি অর্থবছরে বাজারে চায়ের নিলাম মূল্যের ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর আরোপের প্রতিবাদে ক্রেতারা পরপর দুটি নিলাম বাজার থেকে চা কেনেননি। দুটি নিলাম বন্ধ থাকার পর গতকাল প্রথম চায়ের নিলাম হয়। ইতিমধ্যে চা-ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মন্ত্রী আরোপিত অগ্রিম আয়কর এক মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। ওই নির্দেশের পর গতকাল নিলাম অনুষ্ঠিত হয়।