নির্ধারিত সময়ে শুরু হয় চা বিক্রির হাঁকডাক। বিভিন্ন বাগানমালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছয়টি ব্রোকার প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের মজুদ চা বিক্রির জন্য মঞ্চে দাঁড়িয়ে একে একে প্রস্তাব উপস্থাপন করেন। কিন্তু একজন ক্রেতাও সাড়া দেননি। অথচ প্রায় ১০০ গ্রাহক সেখানে উপস্থিত ছিলেন।চট্টগ্রামে দেশের প্রাচীনতম চায়ের সাপ্তাহিক নিলাম-বাজারে গতকাল মঙ্গলবার সকালে দেখা গেছে এই চিত্র। চলতি অর্থবছরের বাজেটে নিলাম-মূল্যের ওপর নতুন করে পাঁচ শতাংশ হারে অগ্রিম শুল্ক আরোপের প্রতিবাদ জানিয়ে ক্রেতারা চা কেনা থেকে বিরত থাকেন। অবশ্য এ বাজেট কার্যকর হওয়ার পর ইতিমধ্যে তিনটি নিলাম হয়ে গেছে। ওই নিলামের ওপর বাড়তি পাঁচ শতাংশ হারে অগ্রিম কর জমা দিতে কর বিভাগ চাপাচাপি করায় গতকাল থেকে ক্রেতারা চা কেনা বন্ধ করে দেন।চা বেচাকেনা না চললেও দুপুর পর্যন্ত সবাই গল্পগুজব করে কাটিয়েছেন নিলাম-বাজারে। অথচ স্বাভাবিক বেচাকেনা চললে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিলাম-বাজার সচল থাকার কথা। ব্যবসায়ীরা বলেন, গত ৮৭ বছরের মধ্যে এবারই প্রথম কোনো বিক্রি ছাড়া শেষ হলো চায়ের নিলাম। অথচ গতকাল প্রায় ১৬ লাখ কেজি চা বিক্রির জন্য তোলা হয়েছিল। বাজার-মূল্যে এর দাম প্রায় সাড়ে ২৬ কোটি টাকা। এ চা বিক্রি হলে সরকার শুল্ক পেত প্রায় সাড়ে চার কোটি টাকা। চা বাগান ও বাজার তদারকি সংস্থা বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হাসান প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে যথারীতি পরবর্তী নিলাম-বাজার হবে। উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।তবে নিলাম-বাজারে উপস্থিত ক্রেতারা জানান, সরকার নতুন করে আরোপ করা পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত কোনো ক্রেতা নিলাম-বাজার থেকে চা কিনবেন না। ফলে আগামী সপ্তাহের নিলামেও চা বিক্রির কোনো সম্ভাবনা নেই। এতে বাগানমালিকদের অবিক্রীত চা নিয়ে সমস্যায় পড়তে হবে। বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির (টিটিএবি) সহসভাপতি মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘চা কোনো বিলাসী পণ্য নয়, দেশের মুটে-মজুর-রিকশাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ চা পান করেন। নিলাম-বাজার থেকে চা কেনার সময় নতুন করে পাঁচ শতাংশ কর দিলে খুচরা পর্যায়ে চা পাতার দাম বেড়ে যাবে।’ চা বাগান মালিকদের সমিতি বাংলাদেশি চা সংসদের চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকারের নতুন করারোপ আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। কারণ প্রতি সপ্তাহে বিক্রি করা চায়ের টাকা দিয়ে আমাদের শ্রমিকদের মজুরি ও ব্যাংক ঋণ শোধ করতে হয়।’ চা বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান, নিলাম-মূল্যের ওপর নতুন করে পাঁচ শতাংশ অগ্রিম আয়কর আরোপ ছোট ও মাঝারি চা বিক্রেতাদের ক্ষতিগ্রস্ত করবে। নিলামে কেনার সময় বিদ্যমান ১৭ শতাংশ শুল্কের সঙ্গে আরও পাঁচ শতাংশ আয়কর যোগ হলে তাদের বিনিয়োগ বাড়িয়ে দিতে হবে। এতে চায়ের বাজার কিছু বড় ব্যবসায়ীর কব্জায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।ঢাকা থেকে চা কিনতে আসা মাঝারি পর্যায়ের ক্রেতা জালালাবাদ টি ট্রেডার্সের মালিক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই পাঁচ শতাংশ অগ্রিম আয়করের বিধান বহাল রাখা হলে আমাদের মতো ছোট ও মাঝারি চা ক্রেতা বাজার থেকে উচ্ছেদ হয়ে যাবে।’সূত্রমতে, সারা দেশের ১৬৪টি বাগানে উৎপাদিত চা পাতা বিক্রির একমাত্র মাধ্যম চট্টগ্রামের এই নিলাম-বাজার। চার-পাঁচ বছর আগেও পাকিস্তান, আফগানিস্তানসহ বিশ্বের অনেক দেশের ক্রেতারা চট্টগ্রামের এ বাজার থেকে চা কিনে নিজ নিজ দেশে নিতেন। গত বছর থেকে প্রথম বাংলাদেশে চা আমদানি শুরু হয়। গতবার ৩০ লাখ কেজি চা আমদানি হয়। এ বছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছে প্রায় ৫০ লাখ কেজি। অথচ এর আগে বাংলাদেশ ছিল চা রপ্তানিকারক দেশ।