চট্টগ্রামে চিকিৎসক ইমতিয়াজের দাফন
শোবার ঘরে অগ্নিদগ্ধ হয়ে নিহত চিকিৎসক ইমতিয়াজ করিমকে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের আলকরণ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ভোরে খুলশীর ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হন ইমতিয়াজ করিম ও তাঁর স্ত্রী সাবরিনা করিম। গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ করিম শুক্রবার দুপুরে মারা যান। তাঁর স্ত্রী সাবরিনার অবস্থাও আশঙ্কাজনক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গতকাল বিকেলে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণের জানাজায় ইমতিয়াজের ভায়রা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা অংশ নেন। সন্ধ্যায় আলকরণে দ্বিতীয় দফা জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইমতিয়াজের ফুফাতো ভাই আবু মনসুর চৌধুরী বলেন, ‘আমার মামার কবরের পাশে মামাতো ভাই ইমতিয়াজকে দাফন করা হয়েছে।’ ইমতিয়াজ করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব ইকবাল আর্সলান।