চট্টগ্রামে চিকিৎসকদের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা না দেওয়ার অনড় অবস্থান থেকে সরে এলেন চিকিৎসকেরা। কর্মবিরতির পঞ্চম দিনে গতকাল রোববার বিকেলে চিকিৎসকেরা তাঁদের আন্দোলন সাময়িক স্থগিত করার ঘোষণা দেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গতকাল দুপুরে চিকিৎসক ও চিকিৎসা পেশাজীবীদের সমাবেশ হয়। এই সমাবেশ থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এর আগে একই সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কর্মসূচি স্থগিত করতে অনুরোধ করেন। চিকিৎসকদের দাবি বিবেচনারও আশ্বাস দেন তিনি।

তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার বিকেল থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দেন চিকিৎসকেরা। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। চাপ বাড়ে সরকারি হাসপাতালে।

তিন চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত ‘চিকিৎসক ও চিকিৎসা পেশাজীবী’ সমাবেশে মুজিবুল হক খান বলেন, ‘জনগণের কথা ভেবে এবং মেয়র মহোদয়ের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে আমাদের কর্মসূচি স্থগিত করলাম। এক সপ্তাহ পর আমরা বসে আবার সিদ্ধান্ত নেব।’

এর আগে মেয়র তাঁর বক্তব্যে বলেন, ‘বৃহত্তর স্বার্থে আপনাদের কর্মসূচি স্থগিত করেন। চলমান জটিলতার বিষয়টি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি করার চেষ্টা করব। আমি আমৃত্যু আপনাদের সুখে-দুঃখে আছি। আপনাদের মনের ব্যথা আমি বুঝি। বিনয়ের সঙ্গে অনুরোধ জানাব, অসহায় মানুষের দুর্ভোগ আর কষ্টের কথা বিবেচনা করে চলমান কর্মসূচি স্থগিত করুন। আশা করি, সম্মানজনক সমাধান হয়ে যাবে।’

মেয়র বলেন, ‘প্রেস কাউন্সিলের মতো বিএমডিসিকে শক্তিশালী করার ব্যবস্থা করেন। তারপর বিএমডিসির বিশেষজ্ঞ কমিটির তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলেই যাতে মামলা করা হয়, সে ব্যবস্থা চালুর জন্য আমার পক্ষ থেকে সুপারিশসহ যা যা করার আমি করব। আমাদের দেশের ডাক্তারদের অনেক বেশি রোগী দেখতে হয়। অত্যধিক চাপের কারণে মাঝেমধ্যে কোনো কোনো রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন। চাপে থাকলে এ ধরনের ঘটনা আমাদের ক্ষেত্রেও হয়।’

এরপর বিএমএ সভাপতি মুজিবুল হক খান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, চিকিৎসকেরা সাংবাদিকদের তাঁদের প্রতিপক্ষ ভাবেন। সাংবাদিকেরা প্রতিপক্ষ নয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, ‘রোগী ও স্বজনদের সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করলে, যদি একটু সান্ত্বনা দেন, একটু হাসিমুখে কুশল জানতে চান, তাহলেই রোগী অর্ধেক ভালো হয়ে যায়।’

বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক সাহানারা চৌধুরী, বিএমএর সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, বিএমএর সাবেক সভাপতি গোলাম মর্তুজা, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত প্রমুখ।

ভোগান্তি: কর্মসূচির পঞ্চম দিনে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রোগীর ভিড় ছিল অন্যান্য সময়ের চেয়ে বেশি। হৃদ্‌রোগ, মেডিসিন, অর্থোপেডিক, প্রসূতি ওয়ার্ডের শয্যায় জায়গা না পেয়ে মেঝেতে অনেক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছিল।

প্রসূতি বিভাগের সামনে এক রোগীর স্বজন হানিফ বলেন, বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি না নেওয়ায় বাধ্য হয়ে তাঁরা এখানে এসেছেন। কিন্তু রোগীর চাপ বেশি হওয়ায় সবারই সমস্যা হচ্ছে।

বহির্বিভাগেও গতকাল সকাল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল।

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘২ হাজার ৩৭০ জন রোগী ভর্তি আছে। কর্মসূচি স্থগিত হওয়াতে আমি খুশি। নইলে এত রোগীর চাপ সামাল দেওয়া কষ্টকর হয়ে যেত।’