চট্টগ্রামে চিকিৎসকদের প্রতীকী কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্তের খুনিদের শাস্তির দাবিতে গতকাল রোববারও চট্টগ্রামে চিকিৎসকেরা প্রতীকী কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণ করেছেন। বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে এ কর্মসূচি পালন করে।গতকাল বেলা ১১টার দিকে স্বাচিপপন্থী ২০-২৫ জন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকেন। তবে হাসপাতালের বেশির ভাগ চিকিৎসক এ সময় ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। সব চিকিৎসক এতে অংশ নেননি। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এ কর্মবিরতিতে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে অনেকে আবার সরকারি চাকরিজীবী কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নন। এ কর্মসূচিতে নেতৃত্বদানকারী বিএমএর সভাপতি শেখ শফিউল আজমও সরকারি চাকরিজীবী নন। যার কারণে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে কোনো ব্যাঘাত হয়নি। অন্যদিকে একই ধরনের কর্মসূচি পালিত হয় জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়বের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও প্রতীকী কর্মবিরতি পালিত হয়েছে।