চট্টগ্রামে চিনির দাম প্রতি কেজি সর্বোচ্চ ৪৭ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্যের দাম বাড়ার জন্য আমদানিকারক, পাইকারি ও ডিও ব্যবসায়ীরা একে অন্যকে দায়ী করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় তাঁরা একে অন্যকে দায়ী করে বক্তব্য দেন। সরকার নির্ধারণ করে দেওয়ার পরও চিনি ও ভোজ্যতেলের দাম কেন বাড়ছে—এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের এমন প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা।সভায় আমদানিকারক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম বলেন, ‘আমার কারখানা থেকে প্রতিদিন ৮০০ টন চিনি সরবরাহ করা হচ্ছে। এখন যেসব চিনি কারখানা থেকে খালাস হচ্ছে, তার দাম পড়ছে কেজিপ্রতি ৩৪ টাকা। এই চিনি বাজারে কেজিপ্রতি ৫০ টাকা হবে কেন? আমি ৪২ টাকা কেজি দরে (সরকারের নির্ধারিত দর ৪৩ টাকা) প্রতিদিন ২০০ টন চিনি সরবরাহ করব।’ডিও ব্যবসায়ী মো. ইব্রাহিম বলেন, ‘সব কারখানা থেকে সরকারের নির্ধারিত দরে চিনি পাওয়া যাচ্ছে না। দেশবন্ধু থেকে কেজিপ্রতি ৪৩ টাকা দরে ১২৮ টন চিনি পাওয়া গেছে। কেজিপ্রতি ৪৭ টাকা দরে কেনা চিনিও রয়েছে আমার কাছে।’ এফবিসিসিআই সভাপতির অনুরোধে ঈদের আগ পর্যন্ত কেজিপ্রতি ৪৫ টাকা দরে চিনি বিক্রির ঘোষণা দেন তিনি।বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় আড়াই ঘণ্টা বিতর্কের পর পাঁচটি সিদ্ধান্তে একমত হন ব্যবসায়ীরা। সভার সভাপতি এই পাঁচটি সিদ্ধান্তের কথা জানান। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে রমজানের বাকি ১০ দিন চিনির দাম মিল গেটে ৪৩ টাকা, পাইকারি ৪৫ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ দর হবে ৪৭ টাকা। নগরের ১৭টি বাজারে প্রতিদিন মিল গেটের দামে ২০০ টন চিনি সরবরাহ করবে এস আলম গ্রুপ। এই চিনি খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতাদের মাধ্যমে সরবরাহ করা হবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য কোন বাজারে কী দামে বিক্রি হচ্ছে এবং চিনি সরবরাহ ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না, তা তদারকি করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন জেলা প্রশাসক কিংবা তাঁর মনোনীত প্রতিনিধি। এই চারটি সিদ্ধান্ত না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বাণিজ্যসচিব গোলাম হোসেন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রতিশ্রুতি রক্ষা করে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখলে আপনাদের স্বার্থ রক্ষায় সবকিছু করবে সরকার।’এফবিসিসিআই সভাপতি বলেন, আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় না হওয়ায় চিনির দাম বাড়ছে। চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম বলেন, ‘ভোগ্যপণ্যের দাম না বাড়িয়ে রমজানের বাকি কয়দিন সুনামটুকু ধরে রাখুন।’ চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এমএ ছালাম বলেন, ১৭টি বাজারে প্রতিদিন দুই ট্রাক চিনি সরকারের নির্ধারিত দামে বিক্রি হলে বাজার স্বাভাবিক হয়ে যাবে।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবল আলম চিনির শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেন। একই সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিদিন সরবরাহ করা ২০০ টন চিনি খাতুনগঞ্জ সমিতির মাধ্যমে বিতরণ করার প্রস্তাব দেন।মোস্তফা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন বাজারের চাহিদা ও সরবরাহ সমন্বয় করতে ভোগ্যপণ্যের ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন। এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, ভোজ্যতেলের বাজারে দাম আর বাড়বে না।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমদ, এফবিসিসিআই পরিচালক মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন।