চট্টগ্রামে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণ উদ্ধার, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ব্যবসায়ীর বাসায় স্বর্ণালংকার চুরির ঘটনায় গত শুক্রবার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: বাসার কাজের ছেলে মো. ফরিদ, তার মা শাহেনা বেগম, খালা জান্নাতুল ফেরদৌস এবং গাড়ির চালক মনির আহমদ। তাঁরা স্বর্ণ চুরির কথা স্বীকার করেছেন।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ফরিদ ও মনির গত ৪ জুলাই সন্ধ্যায় কৌশলে তাঁদের গৃহকর্তা ব্যবসায়ী নাসির উদ্দিনের জাকির হোসেন সোসাইটির বাসা থেকে এসব স্বর্ণালংকার চুরি করেন। পরে এসব স্বর্ণালংকার ভাগাভাগি করে বান্দরবানের আলীকদমে ফরিদের মা এবং নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় জান্নাতুলের বাসায় রাখা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন গত ৫ জুলাই খুলশী থানায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বিষয়ে মামলা করেন। ছেলের বিয়ে উপলক্ষে এসব স্বর্ণালংকার বিদেশ থেকে কেনা হয়েছিল। মামলায় তিনি কাজের ছেলে মো. ফরিদ ও তার মা শাহেনা বেগমকে আসামি করেন।জানা গেছে, নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ আলীকদম থেকে ফরিদ ও শাহেনাকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বায়েজিদ এলাকা থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৫ ভরি নয় আনা স্বর্ণ উদ্ধার করা হয়। বাকি স্বর্ণ তাঁরা বিক্রি করে ফেলেছেন।