চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় রান্নার চুলার আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী ঐশী আক্তার মারা যায়। একই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ঐশীর বাবা রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার বিকেলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে বলেন, আগুনে ঐশীর শরীরের ৫৫ শতাংশ ও রফিকুল ইসলামের ৩২ শতাংশ পুড়ে যায়। রফিকুলের অবস্থা সংকটাপন্ন।
এর আগে গত ২৭ জানুয়ারি নগরের দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটির একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যান দাদি ছমুদা খাতুন ও নাতি তনিমা আফরিন। ওই ফ্ল্যাটের রান্নার চুলা থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
ঐশীর মামা মোহাম্মদ সারোয়ার প্রথম আলোকে বলেন, বন্দরটিলা এলাকার একটি করবস্থানে তাঁর ভাগনিকে দাফন করা হয়েছে। তিনি বলেন, রফিকুল ইসলামের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামে।
গত শনিবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসায় আগুনে দগ্ধ হন রফিকুল ইসলাম ওরফে রাজু (২৪) ও তাঁর মেয়ে ঐশী। তাঁদের প্রথমে নেভি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঐশীর মা দুর্ঘটনার সময় বাসায় ছিলেন না।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, রফিকুল ইসলাম একতলা ভবনের একটি কক্ষে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই ইপিজেডের পোশাক কারখানায় কাজ করেন। শনিবার সকালে কারখানায় যাওয়ার আগে কেউ একজন ভুলবশত গ্যাসের সংযোগ চালু রেখে যান। এতে বদ্ধ ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে কারখানা থেকে এসে ভাত রান্না করার জন্য দেশলাই দিয়ে চুলায় আগুন ধরাতে যান রফিকুল। এ সময় আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে বাবা ও মেয়ে দগ্ধ হন।
ওসি বলেন, স্বামী-স্ত্রী দুজন কারখানায় যাওয়ার সময় তাঁদের একমাত্র সন্তানকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যেতেন। যে আগে বাসায় ফিরতেন, তিনি মেয়েকে ওই নারীর কাছ থেকে নিয়ে আসতেন।