
চট্টগ্রাম নগরের খাজা আজমেরী কেজি স্কুল মাঠে গতকাল শুক্রবার দিনব্যাপী ইংলিশ ইন স্কুল বিভাগীয় পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে এর আয়োজন করে।
ইংলিশ ইন স্কুল কার্যক্রমের আওতায় সারা দেশের এক হাজার মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থী ও শিক্ষককে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়। এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয় মূলত ২০০৯ সালে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে।
রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের চূড়ান্ত কার্যক্রমের সফল আয়োজনের পর গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্বশেষ বিভাগীয় কার্যক্রম।
বিকেলে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের মহাব্যবস্থাপক সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিযোগীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ব নাগরিক হতে হলে তোমাদের ইংরেজি ভাষা শিখতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে তোমরা নিজেকে জানার এবং জ্ঞান অর্জনের সুযোগ পাও। প্রতিযোগিতা ছাড়া জ্ঞানার্জন হয় না।’
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।
প্রধান অতিথি বিজয়ী দলের হাতে সনদ তুলে দেন। প্রতিযোগিতায় ইংরেজি ব্যাকরণ, বাক্য গঠন, শ্রবণের ওপর পরীক্ষা নেওয়া হয়। এতে চট্টগ্রামের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী অংশ নেন।