চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যানের মামলায় এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম এম মাকসুদুল আলম। তিনি চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার এম এফ ইন্টারন্যাশনালের মালিক। গতকাল রোববার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় দেন। আসামি পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে পূবালী ব্যাংক নগরের খাতুনগঞ্জ শাখা থেকে ২ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা ঋণ নেন ব্যবসায়ী এম মাকসুদুল আলম। ব্যাংকে ঋণের টাকা পরিশোধের জন্য তিনি গত বছরের ২৬ ফেব্রুয়ারি চেক দেন। কিন্তু চেক প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়। এরপরও টাকা পরিশোধ না করায় গত ১৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে ব্যাংক মামলা করে। একজন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল আদালত রায় দেন। রায়ের আদেশে ঋণ নেওয়া সব টাকা অর্থদণ্ড এবং আসামিকে এক বছরের কারাদণ্ড দেন।