চট্টগ্রামে চোরাই মার্কেটসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশন ও আশপাশের এলাকার প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে একটি বহুল আলোচিত চোরাই মার্কেট রয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
রেলওয়ে সূত্র জানায়, নতুন ও পুরাতন স্টেশন এবং আশপাশের ফুটপাথ ও জায়গা থেকে শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে স্টেশন সড়কে অবস্থিত চট্টগ্রামের বহুল আলোচিত একটি চোরাই মালামালের মার্কেট রয়েছে। ওই মার্কেটে চোরাই ঘড়ি, মোবাইল ফোনসেট, জুতা, ইলেকট্রনিকস সামগ্রী ও কাপড়চোপড় পাওয়া যায়। ছিনতাইকারীরা মোবাইল ফোনসেট এই মার্কেটে বিক্রি করে। এ ছাড়া চোর-ডাকাতেরাও লুণ্ঠিত মালামাল এই মার্কেটে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।
গতকাল ভ্রাম্যমাণ আদালতের অধীনে উচ্ছেদ অভিযানে ১৯৩ জন পুলিশ, রেলওয়ে পুলিশের ২৫ জন এবং নিরাপত্তারক্ষী ২৫ জন অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। আদালত স্টেশনের অভ্যন্তরে ও বাইরের সব স্থাপনা উচ্ছেদ করে দেন। এত কোনো বাধা আসেনি।
রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রতিদিন সন্ধ্যার পর স্টেশন ও আশপাশের এলাকায় মাদকের পসরা বসে। এ ছাড়া চোরাই মার্কেটও জমজমাট থাকে। ফলে এলাকাটি অপরাধীদের আখড়ায় পরিণত হয়। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অপরাধীদের আখড়া উচ্ছেদ করেছেন। এতে এলাকাটি আপাতত কলুষমুক্ত হলো।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আড়াই শ সদস্য নিয়ে আমরা চট্টগ্রাম স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এর মধ্যে বহুল সমালোচিত একটি চোরাই মার্কেট রয়েছে। এতে মাদকের আখড়াও ছিল।’