ফেরিওয়ালার ছদ্মবেশে প্লাস্টিকের পণ্যসামগ্রী নিয়ে বিভিন্ন আবাসিক এলাকায় যায় চোর চক্রের সদস্যরা। তালাবদ্ধ বাসার তালা কেটে চুরি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি জিনিস। চুরি করা জিনিস জমা দেয় দলনেতার কাছে।সেখান থেকে চোরাই স্বর্ণ চলে যায় স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। গত শনি ও শুক্রবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘গ্রিলকাটা চোর’ চক্রের এ রকম চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পুলিশ সাত ভরি রুপা, ১২ হাজার টাকা, তিনটি মুঠোফোন এবং তালা ও গ্রিল কাটার কিছু সামগ্রী উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন চারু মিয়া, মো. খোকন, সবুজ বণিক ও সুমন দে। এঁদের মধ্যে চারু মিয়া গ্রিলকাটা চোর চক্রের সদস্য। মো. খোকন চোর চক্রের সদস্য ও অন্য দুজন চোরাই স্বর্ণের ক্রেতা। পুলিশ সূত্র জানায়, নগরের কোতোয়ালি থানার ৩ নম্বর বংশাল সড়কে শিপ্রা রানী ধরের বাসায় ২০ মে দুপুর থেকে ২১ মে দুপুরের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার নগরের ডবলমুরিং থানাধীন আখতারুজ্জামান সেন্টারসংলগ্ন এলাকা থেকে সুমন দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই সবুজ বণিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন গ্রিলকাটা চোর দলের নেতা চারু মিয়া ও মো. খোকনের কাছ থেকে তাঁরা চোরাই স্বর্ণ ক্রয় করেন। পরে শুক্রবার রাতে ও শনিবার নগরের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘এই চক্রের সদস্যরা প্লাস্টিকপণ্য নিয়ে বিভিন্ন আবাসিক এলাকায় যায়। এসব পণ্যের আড়ালে থাকে তালা ও গ্রিল কাটার যন্ত্রপাতি। যেসব ঘরে তালা দেওয়া থাকে তারা ওই ঘরের তালা বা জানালার গ্রিল কেটে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যায়।