চট্টগ্রামে চোর ধরতে গিয়ে ডাকাত দলের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আন্তজেলা ডাকাত দলের সন্ধায় পায় পুলিশ। পরে সেই সূত্র ধরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার পুলিশ এ কথা জানায়।গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন: শাহজাহান (৩৫), আবদুস সালাম (৩৫), নজরুল ইসলাম ওরফে টিটু (৩০), নাছির উদ্দিন (৩৬) ও সুমন (২৮)। তাঁদের কাছ থেকে একটি এলজি, তিনটি কার্তুজ ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে জানান, ঈদের আগে হাটহাজারী থানা এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চোরাই কয়েকটি গাড়িও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম জানায়, চুরির পাশাপাশি সে ডাকাতিও করে। এ তথ্যের ভিত্তিতে ডাকাত চক্রের সন্ধানে অভিযান শুরু হয়—এ কথা জানিয়ে এএসপি নিজাম উদ্দিন বলেন, নজরুলের দেওয়া তথ্য অনুসারে ডাকাত দলের সদস্য নাছিরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঈদের আগে হাটহাজারীর মাদার্শা এলাকায় একটি বাড়িতে ডাকাতিতে অংশ নেয়। এরপর আন্তজেলা ডাকাত দলের নেতা শাহজাহানকে উত্তর মাদার্শার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অন্য দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এএসপি বলেন, গ্রেপ্তার হওয়া সুমন নৌ-ডাকাত দলের সদস্য। তিনি মাঝে মাঝে এই চক্রের সঙ্গে ডাকাতিতে অংশ নেন।