চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় গতকাল শনিবার চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এঁরা হলেন মো. বাবুল (৩০) ও মো. খোকন (৩৫)। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিয়াজউদ্দিন বাজার এলাকার সফিনা বিপণিবিতানের নূরজাহান টয়েস নামের একটি খেলনার দোকানে চুরি করেছে সন্দেহে বাবুল ও খোকনকে গতকাল সকালে গণপিটুনি দেওয়া হয়। এতে বাবুল ঘটনাস্থলে এবং খোকন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাবুলের স্ত্রী লাইলী বেগম নিহত ব্যক্তিদের শনাক্ত করেন।গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ সফিনা বিপণিবিতানের দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান আসিফ চৌধুরী, বিপণিবিতানের দারোয়ান আবদুর রহমান সিকদার, নূরজাহান টয়েসের মালিক মো. শহীদ ও কর্মচারী এনামকে গ্রেপ্তার করেছে।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, চুরির অভিযোগে তাঁদের মারধর করা হয়। মার্কেটের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, ‘আমি নয়টার দিকে গিয়ে গণপিটুনির দৃশ্য দেখতে পাই। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্যজনের মৃত্যু হয় পথে।’