চট্টগ্রামে চোরাই কাঠসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার বলিরহাট এলাকা থেকে চোরাই সেগুন কাঠসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দুপুরের ওই অভিযানে তিনটি ট্রাকও আটক করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: এনামুল হক (২৫), মোহাম্মদ নাদির (২৬) ও মোহাম্মদ ইউনুস (৪০)। র‌্যাব সূত্র জানায়, খবর পেয়ে বলিরহাট এলাকায় অভিযান চালানো হয়। জব্দ করা সেগুন কাঠ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকা থেকে আনা হয়েছিল। র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়া থেকে আনা চোরাই কাঠ বলিরহাটের ইউনুসের বাড়িতে রাখা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে কাঠভর্তি তিনটি ট্রাক পাই। এর আগেও কয়েকটি ট্রাক কাঠ নামিয়ে চলে যায়।’ লে. কমান্ডার নুরুজ্জামান জানান, উদ্ধার করা চোরাই কাঠের পরিমাণ প্রায় ৫০০ ঘনফুট।