চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ‘চোর চক্রের দলনেতা’ আবুল হোসেন ওরফে ইকবালকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরে ওই চক্রের চুরি করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
আবুল হোসেনের উদ্ধৃতি দিয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে ১৫ নভেম্বর আবুল হোসেনসহ চার ব্যক্তি কুষ্টিয়ার দেলোয়ার হোসেনের একটি মাইক্রোবাস ভাড়া করেন। সন্ধ্যার দিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গাড়ির চালককে অজ্ঞান করে তাঁকে গাজীপুর চৌরাস্তায় ফেলে দিয়ে গাড়িটি নিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, চোর চক্রের দলনেতা আবুল হোসেনের সঙ্গে এ কাজে অংশ নেন আকরাম, রুবেল ও আমির নামের আরও তিন ব্যক্তি। তারা কুষ্টিয়া থেকে বগুড়া যাওয়ার কথা বলে মাইক্রোবাসটি আট হাজার টাকায় ভাড়া করেন। গাড়ির মালিক তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলে আবুল হোসেন নিজেকে কুষ্টিয়া সদর মডেল থানায় সদ্য যোগদান করা এসআই পরিচয় দেন।