চট্টগ্রামে চোরাই ডিজেলসহ জাহাজ আটক, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাকর্মীরা গত মঙ্গলবার রাতে কর্ণফুলী চ্যানেলে প্রায় ৩০ হাজার লিটার ডিজেলসহ ‘এমটি রজনী’ নামের দেশি একটি তেলবাহী জাহাজ আটক করেছে। আটক ডিজেলের দাম প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। এ সময় জাহাজের তিনজন মাঝিমাল্লাকে আটক করা হয়। এঁরা হলেন জাহাজের চালক (মাস্টার) জামাল উদ্দিন, লস্কর মো. তওহিদ ও তত্ত্বাবধায়ক বাপ্পী দাস।বন্দরের নিরাপত্তা বিভাগের উপপরিচালক লে. কমান্ডার আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, এমটি রজনী প্রায় ৩০ হাজার লিটার চোরাই ডিজেলসহ চ্যানেলে সন্দেহজনক চলাচলের সময় আটক হয়। এ জাহাজের অন্য তিনজন মাঝিমাল্লা পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।গত মঙ্গলবার রাতে এমটি রজনী আরেক তেলবাহী জাহাজ এমটি মক্কা-১ থেকে কিছু ডিজেল সরিয়ে বন্দর চ্যানেল দিয়ে উপকূলে আসার পথে আটক হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আমদানি করা ডিজেল নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর কাজ করছিল এমটি মক্কা-১। এই দুই জাহাজের নাবিকদের যোগসাজশে বিপিসির ডিজেল পাচার হয় বলে অভিযোগ আছে।বন্দর সূত্রে জানা গেছে, এমটি রজনীর প্রকৃত মালিক আলেয়া বেগম নামের এক মহিলা। সঞ্জয় চৌধুরী নামের এক যুবকসহ কিছু ব্যক্তি বিধবার জাহাজটি মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় নিয়ে পরিচালনা করছিলেন পাঁচ মাস ধরে। ইতিমধ্যে জাহাজটি চোরাই তেল পাচারের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টি বুঝতে পেরে আলেয়া বেগম জাহাজটি ফেরত চান। কিন্তু নানা ছলছুতায় জাহাজটি ফেরত দেওয়া হচ্ছিল না। যোগাযোগ করা হলে সঞ্জয় চৌধুরী দাবি করেন, ‘এমটি রজনীতে যে চোরাই ডিজেল আছে, তা বন্দর কর্তৃপক্ষ এখনো প্রমাণ করতে পারেনি। মালিক চাইলে এক মাসের নোটিশে আমরা জাহাজ ফেরত দিতে রাজি আছি।’