অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রামে ছাত্রদলের দুই কর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে ছাত্রদলের আনন্দ মিছিলের আগে এ ঘটনা ঘটে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম নগরের তিনজন নেতা জায়গা পাওয়ায় এই আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সংঘর্ষের পর ছোট আকারে আনন্দ মিছিল হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবর। তাঁরা পাহাড়তলী ও খুলশী এলাকাকেন্দ্রিক ছাত্রদলের কর্মী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে এবার চট্টগ্রাম মহানগর থেকে তিনজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন নতুন কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মঞ্জুরুল আলম, সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন এবং সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। তাঁদের সমর্থনে গতকাল বিকেলে নাসিমন ভবন থেকে আনন্দ মিছিল বের করার কর্মসূচি ছিল। ওই সময় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ছাত্রদলের ওই দুই কর্মী ছুরিকাহত হন।নগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাঈনউদ্দিন শহীদ প্রথম আলোকে বলেন, যোগ্যতা নেই এমন ব্যক্তিকে বড় পদ দেওয়ায় স্থানীয় ছাত্রদলের মধ্যে হতাশা বিরাজ করছে। অযোগ্য ব্যক্তিদের কমিটি থেকে বাদ না দিলে আরও বড় অঘটনের জন্য অপেক্ষা করতে হবে।ছাত্রদলের নতুন কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম গতকালের সংঘর্ষের জন্য খুলশীর হেলাল ও ওয়াসিউল পক্ষের দ্বন্দ্বকে দায়ী করেন। তাঁর দাবি, ছাত্রদলের নতুন কমিটিতে জায়গা পাওয়া বা না-পাওয়া নিয়ে বিরোধ থেকে এই সংঘর্ষ হয়নি।