চট্টগ্রামে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি
নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সভায় কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে আহমেদুল আলম চৌধুরী ওরফে রাসেল গ্রুপ ও মোশারফ হোসেন ওরফে দীপ্তি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।একই স্থানে এর আগে যুবদলের শেরশাহ কলোনির দুই গ্রুপেও হাতাহাতি হয়েছে।এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মোরশেদ নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে নগর ছাত্রদল নাসিমন ভবন প্রাঙ্গণে এই সভার আয়োজন করে। সভায় মোশারফ হোসেন ও আহমেদুল আলম দুজনই সভাপতিত্ব করতে চাইলে বিরোধের সূত্রপাত হয়। একই ইস্যুতে যুবদলও বিকেলে মিছিল বের করে। যুবদলের মিছিল শেষে ছাত্রদলের সভায় গিয়ে মোশারফ সভাপতি হতে চান বলে অভিযোগ রয়েছে।নগর ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন সম্প্রতি যুবদলের সাধারণ সম্পাদক হন। তিনি সভায় সভাপতিত্ব করতে চাইলে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম তাতে আপত্তি জানিয়ে বলেন, ‘যুবদলের নেতা কেন ছাত্রদলের সভায় সভাপতিত্ব করবেন?’ এ নিয়ে সভার শুরু থেকে উত্তেজনা কাজ করছিল। এ সময় দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। শেষ পর্যায়ে দুই পক্ষ হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় মোরশেদকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে।সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সহসভাপতি আবু সুফিয়ান। পরে তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ প্রসঙ্গে আহমেদুল আলম চৌধুরী বলেন, ‘মারামারি হয়েছে যুবদলের শেরশাহ কলোনির দুই গ্রুপের মধ্যে। এটা অন্য ঘটনা। যুবদলের মিছিল শেষ হওয়ার পর মোশারফ আমাদের সভায় এসে সভাপতিত্ব করতে চাইলে উত্তেজনা দেখা দেয়। কারণ এর আগেই আমার সভাপতিত্বে সভা শুরু হয়।’অভিযোগ প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, ‘এটা এমন কিছু নয়। এটা সামান্য ঘটনা। যেহেতু এখনো কমিটি হয়নি, তাই আমি তো ছাত্রদলের সভাপতি আবার যুবদলেরও সাধারণ সম্পাদক। ওটা নিয়ে একটু বাগিবতণ্ডা হয়েছে।’ এর আগে যুবদলের দুই পক্ষে হাতাহাতি হয় বলেও তিনি স্বীকার করেন।