চট্টগ্রামে ছাত্রদলের দুই পক্ষের আলাদা মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের চট্টগ্রাম নগর শাখার নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার আলাদা মিছিল ও সমাবেশ করেছেন। পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ে অপর পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করেন এবং কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নবগঠিত কমিটি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। বক্তব্য দেন চাকসু সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। সমাবেশের পর মিছিল বের করা হয়।

এদিকে একই দাবিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা বেলা দুইটার দিকে কাজীর দেউড়ি এলাকায় মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের নগর শাখার নেতা মোহাম্মদ ফারুক, নুরুদ্দিন সোহেল, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা কমিটি বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের ধাওয়া করেন এবং সেখানে টাঙানো নবগঠিত কমিটির কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন।