চট্টগ্রামে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ
ছাত্রদলের পদবঞ্চিতরা গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের কুশপুত্তলিকা পোড়ান।
ছাত্রদলের মহানগর শাখার ব্যানারে বেলা আড়াইটার দিকে বিশাল একটি মিছিল কাজীর দেউড়ি থেকে বের হয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আসে। এ সময় মিছিলকারীরা ‘নবগঠিত ছাত্রদলের কমিটি মানি না’, ‘মানব না’ ইত্যাদি স্লোগান দেন।
পরে নাসিমন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা। সেখাসে নূর হোসেন ও মো. সরওয়ার নামের দুজন বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিবাহিত, অছাত্র ও চাঁদাবাজদের দিয়ে ছাত্রদলের নগর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের স্থান হয়নি। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি করতে হবে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির নগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অযোগ্যদের দিয়ে ছাত্রদলের কমিটি করে বিএনপি ধ্বংসের রাজনীতি শুরু করছেন। এরপর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে শাহাদাত হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা গত চার দিন ধরে আন্দোলন করে আসছেন। গত বুধবার তাঁরা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে কমিটি বাতিলের দাবি জানান।