চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল গতকাল শুক্রবার নগরের বাকলিয়াসহ কয়েকটি থানা এলাকায় বিক্ষোভ করেছে। ছাত্রদল গতকাল শুক্রবারও নগরের ১১ থানা এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে সব কটি থানা এলাকায় এ কর্মসূচি পালিত হয়নি।
ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে গত বুধবার রাতে নগরের ওয়্যারলেস এলাকায় বেলায়েতের ওপর ছাত্রদলের প্রতিপক্ষ হামলা চালায়। এতে বেলায়েতসহ নয়জন আহত হয়। আহত ব্যক্তিরা সবাই মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। সম্মেলনের তিন বছর পর ঢাকা থেকে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়। এতে গাজী মো. সিরাজউল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই ১১ জনের মধ্যে ১০ জনের ছাত্রত্ব নেই বলে অভিযোগ ওঠে। আর কমিটির বেশির ভাগ বিবাহিত। এ কারণে নগর ছাত্রদলের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত প্রকাশ্যে চলে আসে। তারই জের ধরে বুধবার বেলায়েতের ওপর হামলা চালানো হয়। নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ বলেন, ‘ছাত্রদলের কেউ বেলায়েতের ওপর হামলা চালানোর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ পাঠানো হবে।’