চট্টগ্রামে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ-বিদেশে ষড়যন্ত্রের শিকার। খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদসহ মন্ত্রী-এমপিরা ভীত। তাই অবৈধ সরকার এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তারেক রহমানের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ কথা বলেন। গতকাল শনিবার বেলা ১১টায় নগর ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
শাহাদাত হোসেন আরও বলেন, এই অবৈধ সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ভোটারবিহীন নির্বাচনে খালি পোস্টে গোল দিয়ে তাঁরা এমপি-মন্ত্রী হয়েছেন। এখন তাঁরা তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। ছাত্রদল নেতারা সরকারের মন্ত্রী-এমপি ও সজীব ওয়াজেদ জয়েরও কঠোর সমালোচনা করেন।