চট্টগ্রামে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
চট্টগ্রাম নগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলশী থানায় ভুক্তভোগীর পরিবাররা পাল্টাপাল্টি মামলা করেছে।
গত শুক্রবার দিবাগত রাতে মামলা দুটি নথিভুক্ত হয়। উভয় মামলায় নগর ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা আসামি হন।
পুলিশ সূত্র জানায়, প্রথম মামলার বাদী এস কে খোদার বড় ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম। এস কে খোদার ভাতিজা রিপু আহত হওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, আবদুল হাই ও বিহারি গুন্ডুকে আসামি করা হয়।
দ্বিতীয় মামলাটির বাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ জহির। তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা, আশিক মল্লিক, মিন্টু, রিকু, ইলিয়াছ, আরিফ, জনি, বুলেট, বিহারি আজাদ ও ফরহাদের বিরুদ্ধে মামলাটি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম ভুঁইয়া এ প্রসঙ্গে বলেন, ‘গত বুধবার রাতে ওয়্যারলেস কলোনি এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। আমরা ঘটনটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ সম্মেলনের তিন বছর পর ঢাকা থেকে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়। এতে গাজী মো. সিরাজউল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই ১১ জনের মধ্যে ১০ জনের ছাত্রত্ব নেই বলে অভিযোগ ওঠে। আর কমিটির বেশির ভাগ বিবাহিত। এ কারণে নগর ছাত্রদলের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত প্রকাশ্যে চলে আসে। তারই জের ধরে বুধবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।