চট্টগ্রামে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দক্ষিণ জেলা ছাত্রলীগের একাংশের হামলায় সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ওরফে জনি গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে দলীয় কার্যালয়ে তাঁকে মারধর করা হয়। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে নগরের প্রবর্তক মোড়ে ছাত্রলীগ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আহত মালেককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর জখম রয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের টেরিবাজারের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে দলের একাংশ লাঠিসোঁটা নিয়ে মালেকের ওপর চড়াও হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা চলছিল বলে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, ‘অন্তঃকোন্দলের কারণে মালেকের ওপর একপক্ষ চড়াও হয়। তাঁর মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ আটকও হননি।’দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও নেতাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ও মতামত না নেওয়া এবং অন্য নেতাদের আধিপত্য খর্ব করার অভিযোগে এই হামলা হয়। এ সময় মালেক তাঁর অনুসারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা শুরু করেন। পরে এক যুগ্ম আহ্বায়কের নের্তৃত্বে অপর একটি অংশ সেখানে প্রবেশ করে মালেকদের ওপর চড়াও হয়। প্রথমে হাতাহাতি হয়। পরে লাঠি নিয়ে মালেকপন্থীদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে মালেকের মাথা ফেটে যায়। এই ঘটনায় আরও দু-একজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।