চট্টগ্রামে ছাত্রলীগ বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য কেন্দ্র করে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। ছয় মাসের মধ্যে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এর বাইরে অন্তত ৩০টিরও অধিক ঘটনায় জড়িয়েছে।নগরের ওমর গনি এমইএস কলেজে ছাত্রলীগ দুই মাসে তিনবার রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে। আগ্রাবাদ বাণিজ্য কলেজ ছাত্রলীগ অন্তঃকোন্দলের জের ধরে সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে হামলা চালিয়েছে। ঠুনকো অজুহাতে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে অচল করেছে, হামলা চালিয়েছে সাধারণ ছাত্রসহ প্রতিপক্ষের ওপর। এসব ঘটনায় খুলশী ও হাটহাজারী থানায় একাধিক মামলা হয়েছে। বহিষ্কার হয়েছেন ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মী। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম প্রথম আলোকে জানান, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই একটি সুবিধাবাদী তৃতীয় শক্তির উত্থান হয়। চট্টগ্রামের ছাত্ররাজনীতিতেও ওই তৃতীয় শক্তির বিস্তার ঘটেছে। তারা কলেজকে ব্যবহার করে চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্মে জড়িত। তারা ফায়দা ভাগাভাগি করতে গিয়ে ছাত্ররাজনীতিকে কলুষিত করছে।এমইএস কলেজের পেছনেই নগরের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা খুলশী। আর কলেজের পাশেই ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জিইসি। দীর্ঘদিন ধরে এ এলাকায় ছাত্রলীগ নিজেদের আধিপত্য বজায় রেখেছে। একসময় এখানকার পুরো আধিপত্য ছিল সাবেক ওয়ার্ড কমিশনার মামুনুর রশিদের হাতে। কিন্তু গত বিএনপি সরকারের সময় বিভিন্ন মামলায় আসামি হয়ে তিনি দেশ ত্যাগ করলে সেখানে একাধিক প্রতিদ্বন্দ্বী পক্ষের উত্থান হয়। এর মধ্যে মশিউর রহমান দিদার কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করেন। একই সময়ে মামুনুরের অনুসারীরা পাল্টা কমিটি ঘোষণা করেন। বর্তমানে এখানে দুটি কমিটিই সক্রিয়। তবে কলেজে যতবার সংঘর্ষ হয়েছে, ততবারই দুই পক্ষের নেতৃত্ব দিয়েছেন ছাত্রসংসদের ভিপি ওয়াসিম উদ্দিন ও আরশেদুল আলম ওরফে বাচ্চু। এর মধ্যে ওয়াসিম উদ্দিন মশিউর রহমান দিদারের ও আরশেদুল আলম মামুনুরের অনুসারী।আগ্রাবাদে অবস্থিত সরকারি কমার্স কলেজে এখন ছাত্রলীগ তিন ভাগে ভাগ হয়ে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এর মধ্যে বাণিজ্যিক এলাকায় ডলার ব্যবসায়ী, বিদেশি এয়ারলাইনস ও ট্র্যাভেল এজেন্সি থেকে চাঁদা আদায় এবং চাঁদা না পেয়ে বিদেশি এয়ারলাইনসে হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২ জুলাই মেঘনা অয়েল কোম্পানি থেকে বিটুমিন নিতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা উপমহাব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালায়। কমার্স কলেজ ছাত্রলীগ এত দিন আওয়ামী লীগের নেতা আ জ ম নাছীর উদ্দিন ও যুবলীগের নেতা আবদুল কাদেরের নামে বিভক্ত ছিল। পরে বিটুমিন ও ফার্নেস তেল কেনাকে কেন্দ্র করে কাদেরের অনুসারীরা দুই ভাগে ভাগ হয়ে আধিপত্য বিস্তারের কাজে জড়িয়ে পড়ে। তাদের এক পক্ষের নেতৃত্ব দেন জাহাঙ্গীর হোসেন ওরফে শান্ত এবং অপর পক্ষে শাখাওয়াত হোসেন ওরফে বাবুল।নগরের লালখান বাজার ও ইস্পাহানি মোড়েও ছাত্রলীগের দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ এবং অন্য পক্ষে সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি দিদারুল আলম ওরফে মাসুম।চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতারা মূল স্রোতের বাইরে রাজনীতি করেন। তাঁদের নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছীর উদ্দিন। গত বছরের ২০ অক্টোবর ছাত্রলীগের হামলায় কলেজের এক ছাত্র নিহত হন। এরপর কলেজ কর্তৃপক্ষ ছাত্রসংসদের কমিটি ভেঙে দেয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত আড়াই বছরে ছাত্রলীগের অন্তঃকোন্দলে ২৫টি সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। বহিষ্কার হয়েছেন ২৪ জন ছাত্রলীগের নেতা-কর্মী।