চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলমসহ (লিমন) চারজন আজ রোববার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন।
গত ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবির সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আট বছরের শিশু আরমান ও যুবলীগের নেতা সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইফুল ছাড়া মুক্তি পাওয়া অন্যরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন ও চট্টগ্রাম কমার্স কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শরীফ আহমেদ। তাঁরা সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ছয়টায় আমরা চারজনকে মুক্তি দিয়েছি। হাইকোর্টের আদেশটি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আমাদের কাছে বিকেলে পাঠিয়েছেন।’
আদালত সূত্র জানায়, গত ২৯ জুলাই হাইকোর্টের বিচারপতি সালমা মাসউদ চৌধুরী ও মো. জাহাঙ্গীর হোসাইনের সমম্বয়ে গঠিত বেঞ্চ শুনানির পর সাইফুল আলমসহ চারজনকে জামিন দেন। এর আগে আসামিরা জামিনের জন্য হাইকোর্টে একটি মিস মামলা করেন, যার নম্বর ২৮৬০০/২০১৩।
গত ২৪ জুন সংঘর্ষে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরীসহ (বাবর) ৮৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে একজন উপপরিদর্শক (এসআই) কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছিলেন।
পুলিশ ঘটনার দিন ছাত্রলীগের নেতা সাইফুল আলমসহ ৫২ জনকে গ্রেপ্তার করে। ২৫ জুন আরেকজন গ্রেপ্তার হন। ২৬ জুন ঢাকার নিকেতন এলাকার একটি বাসা থেকে হেলাল আকবরসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে প্রায় সব আসামিকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।