চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী-প্রতিমন্ত্রী চলে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। নগর ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রার্থীদের এ ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয়গণ চলে যাওয়ার পরপরই ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুজন আহত হন।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সার্কিট হাউসে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নগর ছাত্রলীগের পদবঞ্চিতরা সার্কিট হাউসের সামনে স্লোগান দিতে থাকেন। রাত নয়টায় মতবিনিময় সভা শেষে মন্ত্রীরা বের হয়ে যান। এ সময় স্লোগান দিতে দিতে ছাত্রলীগের পদবঞ্চিত ১০ থেকে ১২ জন কর্মী সার্কিট হাউসের ভেতর থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আহত হন মেজবাহ উদ্দিন ও আতিক নামের ছাত্রলীগের দুই কর্মী। এঁদের মধ্যে মেজবাহ উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আতিক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সংঘর্ষ চলাকালে তাঁদের হাতে লাঠি ছিল।
এর আগে মোশাররফ হোসেন, সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন। বিভিন্ন প্রশ্নের জবাবে তাঁরা চট্টগ্রামের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আরও গতিশীল করে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে চমক দেখানো হবে বলে জানান।
নির্বাচন প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ছেড়ে এলে সংলাপ হবে। সংলাপ হলেও পাঁচ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।’