চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার সরকারি কমার্স কলেজের সামনের রাস্তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত উভয় পক্ষই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।আহত ব্যক্তিরা হলেন: জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দিন আহমেদ, শাখাওয়াত হোসেন বাবুল ও জনি সিকদার। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।পুলিশ জানায়, গতকাল দুপুরে ছাত্রলীগের একটি অংশ ‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ এলাকায় মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে সামনের সড়কে এলে ছাত্রলীগের অপর একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদের। মাছ কাদের নগর আওয়ামী লীগের সভাপতির অনুসারী বলে পরিচিত।দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে বর্তমানে ছাত্রলীগের কমিটি নিয়ন্ত্রণ করছেন আবদুল কাদের ওরফে মাছ কাদের। ছাত্রলীগের কলেজ কমিটির বর্তমান সভাপতি লুৎফুল এহসান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কাদেরের নিয়ন্ত্রণে রয়েছেন। সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের অবস্থান এঁদের বিপক্ষে।সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ‘মাছ কাদের কমার্স কলেজ ছাত্রলীগকে ব্যবহার করে চাঁদাবাজি করে যাচ্ছেন। বিভিন্ন সময় আমরা তাঁকে বাধা দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হন। এরই জের ধরে আজ আমাদের ওপর হামলা চালিয়েছে।’তবে আবদুল কাদের ওরফে মাছ কাদের প্রথম আলোকে বলেন, ‘যেসব ছাত্র আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁরা আমার হাত ধরেই রাজনীতিতে এসেছেন। তাঁদের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় আমার বিরুদ্ধে খেপেছেন। আজও তাঁদের চাঁদাবাজিতে বাধা দেওয়া হয়েছে।’