চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে গতকাল বুধবার ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অন্তত ২০টি দোকান এবং ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
সূত্র জানায়, আধিপত্য নিয়ে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ওয়াসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আরশেদুল আলম ওরফে বাচ্চুর পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে এম হালিম সিকদার (২৭) ও ইফতেখার হোসেন (২৪) নামের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হালিম এমইএস কলেজ ছাত্রলীগের নেতা। ইফতেখার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁকে প্রতিপক্ষ ভেবে ভুলে মারধর করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ বলেন, ‘এমইএস কলেজের রাজনৈতিক দুটি পক্ষ আধিপত্য নিয়ে জিইসির দিকে মারামারি করে। এরপর পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে একজন সাধারণ ছাত্রকে কোপানো হয়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া জিইসির দিকে ১০-১২টি গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে জিইসি মোড়ে একটি হোটেলের সামনে আরশেদুলের পক্ষের হালিমকে মারধর করে ওয়াসিম গ্রুপ। এই খবর এমইএস কলেজে পৌঁছালে আরশেদুলের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে জিইসি মোড়ে আসে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের হাতে লাঠি ছাড়াও কিরিচ ও আগ্নেয়াস্ত্র দেখা যায়। পাল্টাপাল্টি ধাওয়ার সময় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। একপর্যায়ে গোলপাহাড় মোড় এলাকায় পথচারী ইফতেখারকে ব্যাপক মারধর করা হয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া ছড়িয়ে পড়ে জিইসি মোড়ের ইফকো কমপ্লেক্সের দিকে। সেখানে গাড়ি ও দোকান ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। তাঁরা ইলেকট্রনিকস সরঞ্জামের একটি প্রদর্শনী কেন্দ্র, একটি জুতার দোকান, একটি ব্যাংকসহ আশপাশের দোকানে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের দুই পক্ষ এমইএস কলেজ ও আশপাশের গুলিতে ঢুকে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও ওয়াসিম উদ্দিন ও আরশেদুল আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।