চট্টগ্রামে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলন চলছেই। গতকাল বৃহস্পতিবারও পদবঞ্চিত ব্যক্তিরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে নতুন কমিটি বাতিলের দাবি জানান। প্রেসক্লাব চত্বরের সমাবেশ থেকে তাঁরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন। গত বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণার পর পদবঞ্চিত নেতারা নগরের জিইসি মোড়, ষোলশহর, আগ্রাবাদ ও মোমিন রোড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।

চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমরাম আহমেদকে সভাপতি এবং এমইএস কলেজের পাস কোর্সের ছাত্র নুরুল আজিমকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

ছাত্রলীগ সূত্র জানায়, বুধবারের তাণ্ডবে নেতৃত্ব দেন এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ও নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন ও নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের অনুসারীরা। তাণ্ডবকারীদের বেশির ভাগ সদস্যের বয়স ৩০ বছর পেরিয়ে গেছে। তাঁদের অনেকে চাঁদাবাজি ও ঠিকাদারি ব্যবসায় সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। ছাত্রলীগ সূত্র আরও জানায়, নগরের খুলশীসহ অভিজাত এলাকায় জায়গা দখল-বেদখল, চাঁদাবাজি ও ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বজায় রাখতে ছাত্রলীগের কমিটিতে অনেকে আসতে আগ্রহী ছিলেন।

এদিকে বুধবার নগর ছাত্রলীগের যে ২৪ জনের নাম ঘোষণা হয়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র এবং বয়সে তরুণ। এ কারণে তাঁরা অনেকের কাছে পরিচিত নন। নবীন ছাত্র বলে তাঁদের নেতৃত্ব মানতে নারাজ পদবঞ্চিত নেতা-কর্মীরা। নতুন কমিটির সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ বড় সংগঠন। অনেকের ইচ্ছে ছিল নগর ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া। ১০ বছর পর নতুন কমিটি গঠিত হয়েছে, যাঁদের সবার বয়স ২৯ বছরের নিচে এবং সবাই নিয়মিত ছাত্র। এ কারণে অনেকে বাদ পড়ে গেছেন। তাই তাঁরা বিক্ষোভ করতেই পারেন।’ নতুন নেতৃত্ব মানতে নারাজ নগরের এমইএস কলেজ ও কমার্স কলেজ শাখা ছাত্রলীগের একটি বড় অংশ। এই দুটি কলেজে এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন এবং নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের প্রভাব রয়েছে।

তাণ্ডবে উসকানি দেওয়া প্রসঙ্গে ওয়াসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, রাজনীতির মাঠে সরব উপস্থিতি আছে এমন নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেকে আবার বিবাহিত। তাই ত্যাগী নেতারা বিক্ষোভ করছেন।

গাড়ি ভাঙচুর প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘বিক্ষোভ থেকে কেউ কেউ গাড়ি ভাঙচুর করতে পারেন। তবে এই ধরনের কাজ আমরাও সমর্থন করি না।’ নতুন কমিটির বিবাহিত ও চাঁদাবাজ কারা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ সম্পর্কে অভিযোগ শুনেছি। তবে নামধান আমার জানা নেই।’

বিক্ষোভ: চট্টগ্রাম নগর ছাত্রলীগের ঘোষিত কমিটিতে পদবঞ্চিত কর্মীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পদবঞ্চিত সৌমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘অর্থের বিনিময়ে চাঁদাবাজ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কমিটির শীর্ষ পদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব।’

সংশোধনী: এদিকে গতকাল বৃহস্পতিবার ‘পদবঞ্চিতদের মিছিল, ভাঙচুর’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত সংবাদে কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ আচার্যের উদ্ধৃতি দিয়ে একটি বক্তব্য প্রকাশিত হয়। আসলে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের এক কর্মী নিজেকে দেবাশীষ আচার্য দাবি করে বক্তব্যটি দিয়েছিলেন।