চট্টগ্রামে ছাত্রলীগের ব্যানারে স্লোগান দিয়ে ফের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ব্যানারে স্লোগান দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও গাড়ি ভাঙচুর করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল নগরের ষোলশহর-বায়েজিদ সড়কে আচমকা এই গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পলিটেকনিক ক্যাম্পাস সূত্র জানায়, অন্তু নামের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্রকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত মঙ্গলবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল রুবেলকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ছাত্রলীগের ব্যানারে ১৫-২০ জন ছাত্র গতকাল বিকেলে ষোলশহর-বায়েজিদ সড়কে অবস্থান নিয়ে গাড়ি ভাঙচুর করে। চট্টগ্রাম পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম হাসান পারভেজ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ব্যানারে মিছিল করেছে ছাত্রদলের কর্মীরা। আর অন্তু নামের যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে সে ছাত্রদলের কর্মী। আমাদের ছেলেরা ওই ছেলের মুক্তির জন্য মিছিল করবে কেন? আসলে ছাত্রলীগের নাম ব্যবহার করে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’