চট্টগ্রামে ছাত্রশিবিরের গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে গতকাল রোববার সন্ধ্যার দিকে জটলার ভেতর হঠাৎ করে মিছিল শুরু করে ছাত্রশিবির। এরপর ‘নারায়ে তকবির’ ধ্বনি দিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটান আর যানবাহন ভাঙচুর শুরু করেন তাদের নেতা-কর্মীরা। এ সময় আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ে ব্যস্ততম বহদ্দারহাট মোড়। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অন্তত ১২টি বাস ভাঙচুর করেন। ককটেল ফাটান ১০টি।প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে যাত্রীবাহী বাস থামে, সেখানে ছিল ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড়। সড়কে ছিল যানজট। এ ছাড়া বহদ্দারহাট উড়ালসড়কের নিচেও বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিল লোকজন। মাগরিবের আজানের পর পর মানুষের জটলার মধ্যেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নারায়ে তকবির বলে স্লোগান দেন। তখনই লোকজন আতঙ্কে দৌড় শুরু করে। এ অবস্থায় শিবিরের কর্মীরা একটির পর একটি ককটেল ফাটান। ভাঙচুর করেন গাড়ি। তখন সেখানে কোনো পুলিশ ছিল না। প্রত্যক্ষদর্শী ও মধ্যপ্রাচ্যপ্রবাসী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ঘরমুখী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে শিবির ককটেল ফাটায় আর গাড়ি ভাঙচুর করে। তিনি বলেন, ‘তারা যুদ্ধ করলে ঘোষণা দিয়ে করুক। এভাবে মানুষকে বিপদে ফেলে লাভ কী।’ পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।বাঁশখালীতে সড়ক অবরোধ: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসাইনকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঁশখালীর শেখেরখিল, চাম্বল, গন্ডামারা, পুঁইছড়ি ও ছনুয়া এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন। গতকাল রোববার বেলা তিনটা থেকে এই অবরোধ করেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় সভাপতিসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মুক্তি দাবি করে স্লোগান দিতে থাকেন।