চট্টগ্রামে ছাত্রশিবিরের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের নিউ মনসুরাবাদের একটি বাড়ির মালিকসহ ১৮ জন শিবিরের নেতা-কর্মীকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে বহু ধর্মীয় বই, প্রচারপত্র, ডায়েরি, ব্যানার ও সাংগঠনিক নীতিমালাসংবলিত খাতা উদ্ধার করা হয়।পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে নেতা-কর্মীরা ওই বাড়িতে বৈঠক করছিলেন।চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আরেফিন প্রথম আলোকে বলেন, ১৮ জন শিবিরকর্মীকে নগরের হালিশহর ও পাঁচলাইশ থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই বাড়িতে কী ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযানে নেতৃত্বদানকারী পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী প্রথম আলোকে বলেন, তদন্তে যাঁদের অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা নাশকতার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছেন। ফখরুদ্দিন আহম্মেদ নামের এক শিবিরকর্মী সাংবাদিকদের বলেন, ‘ওই বাড়িতে আমরা নিজেদের মধ্যে নিয়মিত সাংগঠনিক বৈঠক করি এবং দরিদ্র পরিবারের সন্তানদের পাঠদান করি।’ গ্রেপ্তারকৃত বাড়ির মালিক মাহাবুবুল আলম সাংবাদিকদের বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা প্রায় পাঁচ বছর আগেই বাড়িটি ভাড়া নিয়েছেন। তাঁরা সেখানে নিয়মিত বৈঠক করে জানতাম। তবে এর বেশি কিছু জানি না।