চট্টগ্রামে ছাত্রশিবিরের ২ নেতাকে রিমান্ডে নেওয়ার আবেদন
পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণাংশের সভাপতি দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইলকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আজ রোববার আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। গত শুক্রবার দুপুরে নগরের ধনিয়ালাপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ছাত্রশিবিরের এ দুই নেতার বিরুদ্ধে নগরের ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। গত ২০ সেপ্টেম্বর পুলিশের ওপর জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা এ হামলা চালায়। এ ঘটনায় ডবলমুরিং থানায় যে মামলা হয়, তাতে শিবির নেতা দেলোয়ার ও ইসমাইলের নাম রয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নগরের মুরাদপুর এলাকায় পুলিশের ওপর হামলা হয়। এ দুজনও ওই ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।