চট্টগ্রামে ছাদ থেকে ধাক্কা দিয়ে যুবককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়ায় এক যুবককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রুবেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সূত্র জানায়, নিহত যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি নগর পরিবহনের বাসে সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর বাবার নাম রুহুল আমিন। তিনি সুপারিওয়ালাপাড়ায় থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে রুবেল নামে এক যুবক সোহেলকে ডেকে ছাদে নিয়ে যান। পরে তাঁকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ‘ছাদ থেকে পড়ে সোহেল নিহত হন। অভিযোগ রয়েছে, রুবেল সোহেলকে ছাদ থেকে ফেলে দিয়েছে। রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি।’