চট্টগ্রামে ছাদ ধসে দারোয়ান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা বিসিক শিল্প এলাকায় রূপালী সাবান কারখানার গুদামের ছাদ ধসে পড়ে গতকাল একজন নিহত ও তিনজন আহত হয়েছেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা বিসিক শিল্প এলাকায় রূপালী সাবান কারখানার গুদামের ছাদ ধসে পড়ে গতকাল একজন নিহত ও তিনজন আহত হয়েছেন l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সাগরিকা বিসিক শিল্প এলাকায় একটি গুদামের ছাদ ধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি গুদামের পাশের শিল্প প্লটের দারোয়ান ছিলেন। তাঁর নাম মজু মিয়া (৫৫)। গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
ঈদের পর মজু মিয়া শিল্প প্লটের ভাড়াটে আলী আহমেদের দারোয়ান হিসেবে যোগ দিয়েছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুস শুক্কুরের অবস্থা গুরুতর। তিনিও আলী আহমেদের দারোয়ান হিসেবে কর্মরত আছেন। বাকি দুজন হলেন ফখরুদ্দিন ও মোহাম্মদ ওসমান। তাঁরা ছাদ ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা চলে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে সাতটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
নগর পুলিশ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘পুরোনো গুদামের ছাদ ভাঙার সময় দুর্ঘটনা ঘটে। এতে পাশের খালি প্লটের এক দারোয়ান নিহত ও আরও একজন গুরুতর আহত হন। আর ভাঙার কাজে নিয়োজিত দুজন সামান্য আহত হন। ২০-২৫ জন শ্রমিক ছাদ ভাঙার কাজে নিয়োজিত ছিলেন।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঈদের পর রূপালী সাবান কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত প্রায় ১০ হাজার বর্গফুট আয়তনের একতলা ভবনের ছাদ ভাঙার কাজ শুরু হয়। আধুনিক পদ্ধতি অনুসরণ না করে পুরোনো পদ্ধতিতে ছাদ ভাঙার কাজ চলছিল। এতে গোটা ভবনের ছাদ বিকট শব্দে ধসে পড়ে। এতে পাশের আখতারুজ্জামান চৌধুরীর মালিকানাধীন খালি প্লটের দেয়াল ভেঙে পড়ে যায়।
স্থানীয় লোকজন জানান, কয়লা রাখার জন্য ওই প্লটটি আলী আহমেদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। দেয়ালের পাশেই ছিলেন মজু মিয়া ও আবদুস শুক্কুর। স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে তাঁদের উদ্ধার করে মেডিকেলে পাঠালে মজু মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিছারউদ্দীন আহমেদ বলেন, ‘গুদামের মালিক হাবিব উল্লাহ। পাকিস্তান আমলে গুদামটি তৈরি হয়। এটির ছাদ ধসে পড়ার খবর পেয়ে ছুটে এসে চারজনের হতাহতের খবর পাই।’
এদিকে আলী আহমেদের ভাই আলী হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়লা রাখার জন্য প্লটটি ভাড়া নিয়েছি। পাশের সাবান গুদামের মালিক তাঁদের ছাদ ভাঙার ব্যাপারে আমাদের সতর্ক করেননি। এ কারণে আমাদের দুজন দারোয়ান হতাহত হন। মাত্র কয়েক দিন আগে মজু মিয়া আমাদের কাজে যোগ দিয়েছিলেন।’