চট্টগ্রামে ছিনতাই-চুরি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সিএনজি অটোরিকশা ব্যবহার করে চুরি-ছিনতাই আবার বেড়ে গেছে। টানা পার্টি, মলম পার্টি এবং অস্ত্র ঠেকিয়ে চলছে ছিনতাই। এসব ঘটনা থেকে রেহাই পাচ্ছেন না গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাঁদের নিকটাত্মীয়েরাও।বিভিন্ন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শেষ দিকে থেকে নগরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। সম্প্রতি সাংসদ মোশাররফ হোসেনের বাসা থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি হয়েছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার মেয়ে চৈতী বড়ুয়া। গত ১০ দিনে মোট আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্ত্রী ও সাংসদের দুটি ঘটনা ছাড়া অন্য সব ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়নি।হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক দিনে নগরে চালককে অজ্ঞান করে দুটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রতিদিন গড়ে দু-একটি সাধারণ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বেশির ভাগ ছিনতাই ও মলম লাগানোর ঘটনা থানা পর্যন্ত যায় না। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার মেয়ে চৈতী বড়ুয়া নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরের সার্সন রোডে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ সময় চৈতী বড়ুয়া আরেকজনকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। একটি সিএনজি অটোরিকশা থেকে ছোঁ মেরে চৈতীর কাঁধে থাকা হাত ব্যাগটি নিয়ে যায় ছিনতাইকারীরা। সহকারী কমিশনার (এসি গোয়েন্দা) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘নগরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনার ওপর আমাদের চোখ রয়েছে। এগুলো তদন্ত চলছে। সিএনজি ব্যবহার করে এসব অপরাধ করা হয়।’জানা গেছে, গত শনিবার সকালে নগরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় রিকশাযাত্রী মেডিকেল কলেজছাত্রী ফাল্গুনী বর্মণের ব্যাগ টেনে নিয়ে যায় অটোরিকশারোহী ছিনতাইকারীরা। এ সময় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে পড়ে ফাল্গুনী মাথা ও পায়ে ব্যথা পান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে নগরের জামালখান লিচুবাগান এলাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পতি অনীক চন্দ ও মনিকা চন্দ ছিনতাইয়ের কবলে পড়েন। অস্ত্রের মুখে রিকশার গতিরোধ করে ছিনতাইকারীরা তাঁদের মুঠোফোন ও গলার হার নিয়ে যায়। কিছু সিএনজি অটোরিকশাচালক যেমন ছিনতাইয়ে জড়িয়ে পড়েছেন, তেমনি নিরীহ কিছু চালক ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এর আগে অটোরিকশার ভেতর চোখে মলম লাগিয়ে একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক রিয়াজ হায়দারের টাকা-পয়সা ও ল্যাপটপ নিয়ে যায় ছিনতাইকারীরা।