চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পেশাদার ছিনতাইকারী চক্রের দলনেতা কাদের ওরফে বরিশাইল্লা কাদের ও তাঁর সহযোগী নজরুলকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর সাড়ে ছয়টার দিকে নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহূত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় একনলা বন্দুক, তিনটি কার্তুজ, একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

বন্দর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের প্রধান কাদের কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর পর শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বরিশাইল্লা কাদের ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করছিল।

পুলিশ জানায়, কাদেরকে গ্রেপ্তার করতে আজ ভোরে বন্দর থানা পুলিশের দুটি দল সিটি গেট, অলংকার, বড়পোল—এসব এলাকায় টহল দিতে শুরু করে। ভোর সোয়া ছয়টার দিকে সিএনজি অটোরিকশার নম্বর মিলিয়ে কাদের ও তাঁর তিন সহযোগীকে পুলিশ সিটি গেট থেকে ধাওয়া শুরু করে। বড়পোল এলাকার মনসুর মার্কেটের সামনে সিএনজি অটোরিকশাটি উল্টে গেলে পুলিশ বরিশাইল্লা কাদের ও নজরুলকে আটক করে। কাদেরের বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, কাদের ও তাঁর সহযোগীরা সাধারণত ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে ছিনতাই করে আসছিলেন। বিশেষ করে নৈশকোচ থেকে নামা যাত্রী, সকালে অফিসগামী রিকশাযাত্রীরা তাঁদের শিকারে পরিণত হতেন। সিএনজি অটোরিকশা থেকে হ্যাঁচকা টানে ব্যাগ ছিনতাই করতেন তাঁরা। অস্ত্রের মুখে পথচারীকে জিম্মি করেও ছিনতাই করতেন। খুলশী, পাঁচলাইশ, কোতোয়ালিসহ বিভিন্ন থানায় কাদেরের নামে ছয়-সাতটি মামলা রয়েছে।

জাহেদুল ইসলাম জানান, কাদেরের পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।