চট্টগ্রামে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি এলজি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ছিনতাইকারীদের কবলে পড়া ওই শিক্ষকের নাম মো. ইউনুছ আলী। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইংরেজির শিক্ষক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গণপিটুনিতে আহত কালু (২৭) নামের এক ছিনতাইকারীকেও হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুই ছিনতাইকারী হলো নজরুল ইসলাম (২০) ও মহিউদ্দিন (২২)।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা জানান, ইউনুছ নগরের জিইসি মোড়ের এটিএম বুথ থেকে নগদ ২০ হাজার টাকা তুলে রিকশায় করে তাঁর চান্দগাঁও খাজা রোডের বাসায় যাচ্ছিলেন। বেলা সোয়া তিনটার দিকে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা অস্ত্রের মুখে শিক্ষকের ২০ হাজার টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। পুলিশ জানায়, পরে ঘটনাস্থল থেকে ল্যাপটপ উদ্ধার করা গেলেও ২০ হাজার টাকা পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।