চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের হালিশহর বড়পোল এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ইজিবাইক থেকে পড়ে আনজুমান আরা (২৮) নামের এক নারী মারা গেছেন। এ সময় তাঁর কোলে থাকা সাত মাসের কন্যাসন্তানও আহত হয়। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আনজুমান আরা আগ্রাবাদের হাজিপাড়া এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী। কামরুজ্জামান ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তা বলে জানা গেছে। আহত শিশুটির নাম ইসরাত জামান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। সে মাথা ও চোখে আঘাত  পেয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাজিপাড়ার বাসা থেকে বরিশালের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পরিবারটি বের হয়। তারা ইজিবাইকে করে বড়পোল এলাকায় পৌঁছালে পাশের অটোরিকশা থেকে ছিনতাইকারীরা আনজুমানের ব্যাগ ধরে টান দেয়। এতে আনজুমান তাঁর কোলের শিশুসহ চলন্ত ইজিবাইক থেকে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর আনজুমান মারা যান।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে ভারসাম্য রাখতে না পেরে ওই নারী কোলের শিশুসহ পড়ে যান।’

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার রাখাল চন্দ্র বড়ুয়া বলেন, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তবে সিটিস্ক্যান প্রতিবেদন ভালো এসেছে। মায়ের দাফনের জন্য আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে তার পরিবার। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি।’