চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে হকার
পত্রিকা সংগ্রহ করতে যাওয়ার সময় চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে পড়েছেন জসিম উদ্দিন নামের একজন হকার। গতকাল বৃহস্পতিবার ভোরে ইস্পাহানি টেক্সটাইল মোড়ে এ ঘটনা ঘটে।সংবাদপত্র হকার্স ইউনিয়ন জানায়, গতকাল ভোরে পাহাড়তলী কাউন্টার থেকে পত্রিকা সংগ্রহ করতে যাওয়ার সময় ইস্পাহানি টেক্সটাইল মোড়ে ছিনতাইকারীরা জসিম উদ্দিনের গতি রোধ করে। এ সময় তাঁর কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় জসিম উদ্দিন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা বেদম প্রহার করে রাস্তায় ফেলে চলে যায়। পরে পথচারীরা জসিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।এ ঘটনায় চট্টগ্রাম হকার্স ইউনিয়নের সভাপতি রইছ মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, হকার্স সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার ও সম্পাদক দেলোয়ার হোসেন এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, গত দুই দিনে তিনজন হকার ছিনতাইকারীর কবলে পড়েছেন।