চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার জিলাপী পাহাড়ের পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল কাইয়ুম। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন কনস্টেবল। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপপুলিশ কমিশনার (উত্তর) হারুন উর রশীদ হাজারী জানান, জিলাপী পাহাড়ের ওপর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের বাংলোয় দায়িত্ব পালন করে সকাল আটটার দিকে এই চার কনস্টেবল বের হয়ে আসেন। পাহাড়ের পাশে তাঁরা কয়েকজন ছিনতাইকারীকে ছিনতাই করতে দেখলে বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ছুরি দিয়ে তাঁদের উপর্যুপরি আঘাত করে। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।