চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন। গত রোববার রাত আড়াইটার দিকে নাসিরাবাদের সিঅ্যান্ডবি কলোনির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিহত ওই বিক্রয় কর্মকর্তার নাম দেবদাস হাওলাদার (২৮)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগর থানার কালাইয়া এলাকায়। তিনি নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় থাকতেন। দেবদাস জেসি ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দেবদাস রাত আড়াইটার দিকে বাসে করে ঢাকা থেকে চট্টগ্রামের দামপাড়ায় পৌঁছান। এরপর তিনি পায়ে হেঁটে বাসার উদ্দেশে রওনা দেন। তিনি সিঅ্যান্ডবি কলোনির সামনে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় দেবদাস বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তাঁর তলপেটে ছুরিকাঘাত করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ দেবদাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত চারটার দিকে তিনি মারা যান।