চট্টগ্রামে ছিনতাইকারীর দুই বছরের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় এক ছিনতাইকারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. বাবু। বাড়ি কুড়িগ্রামের দুর্গাপুরে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আমীন এই রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ নভেম্বর নগরের কোতোয়ালি থানার তামাকুন্ডি লেইন এলাকায় সুমি দাশ নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মো. বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আইনে করা এই মামলায় আসামি দোষ স্বীকার করায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়।