চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে ছিনতাই ও চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের বাকলিয়ার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজ্জ্বল জাহাঙ্গীর ও ওসমান গনি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কালামিয়া বাজার এলাকার একটি বাসা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরের জলসা মার্কেটের একটি দোকানে রাখা চুরি ও ছিনতাই করা আটটি ল্যাপটপ, ১৫টি মুঠোফোন ও দুটি ট্যাব উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মো. আনোয়ার হোসেন বলেন, উজ্জ্বল নগরে ছিনতাই ও চুরিতে জড়িত ‘হামকা’ গ্রুপের নেতা। ঢাকা-চট্টগ্রামে এই দলের ১০-১২ জন সদস্য আছেন। উজ্জ্বল চোরাই মালামাল বিক্রি করে থাকেন। আবার দলের কোনো সদস্য গ্রেপ্তার হলে তাঁর জামিনের চেষ্টা করেন। উজ্জ্বলের বিরুদ্ধে চারটি এবং তাঁর সহযোগী ওসমানের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তিনি বলেন, এই দলের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।