চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সুপারিওয়ালাপাড়া থেকে গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। যুবকেরা ওই দিন সন্ধ্যায় আসকার দীঘিরপাড় এলাকায় এক কলেজশিক্ষকের মোবাইল ফোন ছিনতাই করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত চারজনের মধ্যে দুজন নিজেদের নির্দোষ দাবি করেন। এ দিকে গত ৪ আগস্ট নগরের জিইসি মোড়ের কাছে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন মোহাম্মদ মোতালেব (২৫), রাকিব (২৪), হাফিজ মিয়া (২৫) ও সাইফুল ইসলাম (২৫)। তাদের কাছ থেকে একটি বন্দুক, পাঁচটি গুলিসহ একটি এলজি, ছিনতাই হওয়া সাতটি মোবাইল ফোনসেট, একটি এটিএম কার্ড ও বেসরকারি ব্যাংকের একটি চেক উদ্ধার করা হয়। তারা নগরের বিভিন্ন মোড়ে প্রতিদিন গড়ে তিন-চারটি ছিনতাই করে বলে স্বীকার করেছে।গোয়েন্দা পুলিশ জানায়, মোতালেবের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। সীতাকুণ্ড থানার একটি ডাকাতি মামলায় সে দেড় বছর কারাগারে ছিল। জামিনে বেরিয়ে এসে আবার ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। আর রাকিব দুই সপ্তাহ আগে পটুয়াখালীর গ্রামের বাড়ি থেকে চট্টগ্রাম আসে। এর পরই জড়িয়ে পড়ে ছিনতাইয়ে।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় নগরের আসকার দীঘিরপাড় এলাকায় কলেজশিক্ষক টিংকু চক্রবর্তীর মোবাইল ফোনসেট, হাতঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। টিংকুর তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সাতটি মোবাইল ফোনসেট উদ্ধার করি।’জানা গেছে, গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে হাফিজ ও সাইফুল ঘটনার শিকার। তাঁরা পুরোনো পত্রিকার ব্যবসা করেন। পুলিশের অভিযানে তাঁরা ছিনতাইকারীদের পাশে ছিলেন। এ কারণে তাঁদেরও ধরে পুলিশ। হাফিজ জানান, ‘আমি পুরোনো পত্রিকা বিক্রি করি। ছিনতাই কী তা আমি জানি না।’ সাইফুলের বক্তব্য একই ধরনের। মোতালেব ও রাকিবও তাঁদের চেনে না বলে জানায়। দুজনই বলে, ‘আমরা মঙ্গলবার নগরে তিনটি ছিনতাই করেছি।’ মোতালেব এক মাস ধরে এ কাজে জড়িত বলে জানায়। এদিকে গত ৪ আগস্ট নগরের জিইসি মোড়ে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ নুরুল ইসলাম (৩০) ও মো. শফিক (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।