চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক সাংবাদিকের ল্যাপটপ ও মোবাইল ফোন সেট ছিনতাইয়ের ঘটনায় গত বুধবার চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বাগেরহাট থেকে তিনজন ও চট্টগ্রাম নগর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তাদের ধারণা, সম্প্রতি নগরে এক ব্যাংক কর্মকর্তার খুনের সঙ্গে এই চারজনের সম্পৃক্ততা থাকতে পারে।গ্রেপ্তার হওয়া চারজন হলেন, কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মোহাম্মদ মান্নান (২৫), বাগেরহাটের মোরেলগঞ্জের মো. আনোয়ার হোসেন ওরফে নান্টু (৩০), জাহিদুল ইসলাম ওরফে জাহেদ (৩২) ও শরণখোলার সেলিম হাওলাদার (২৫)। মান্নানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, সাংবাদিক আনজীর মেহেদী ৯ জানুয়ারি রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে ষোলশহর দুই নম্বর থেকে অক্সিজেন যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর রেলক্রসিংয়ে অটোরিকশার গতি ধীর হলে তিন ছিনতাইকারীর একজন চালকের পাশে ও দুজন পেছনে উঠে পড়ে। ছিনতাইকারীরা মেহেদীর চোখে মলম মাখিয়ে তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও নগদ প্রায় সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরে তাঁকে টেক্সটাইল মোড়সংলগ্ন ঈগলু আইসক্রিম কারখানার সামনে নামিয়ে দেয়। এ ঘটনায় মামলা হয় এবং ওই রাতেই অটোরিকশার চালক শামসুদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘আসামিদের ধরতে আমরা বাগেরহাটে অভিযান চালাই। বাগেরহাট থেকে গ্রেপ্তার হওয়া তিন আসামি পেশাদার সন্ত্রাসী। সম্প্রতি একজন ব্যাংক কর্মকর্তার হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে। সাংবাদিকের ছিনতাই হওয়া ল্যাপটপ ও মুঠোফোন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি।’প্রসঙ্গত, অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখার কর্মকর্তা সুহাস জীবন খিসার (৫২) মৃতদেহ বায়েজিদ থানার কবরস্থান এলাকা থেকে পুলিশ ১৫ জানুয়ারি উদ্ধার করে। ওই রাতে তিনি সিএনজিচালিত অটোরিকশায় অক্সিজেন থেকে আগ্রাবাদ যাচ্ছিলেন।পুলিশ জানায়, ২০০৭ সালে চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের হত্যা করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার একাধিক ঘটনায় আতঙ্ক দেখা দেয়। বাগেরহাট ও পিরোজপুরভিত্তিক একটি সন্ত্রাসীচক্র এসব ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে।