চট্টগ্রামে ছুটির দিনে জমজমাট প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ থেকে এসেছেন দিলরুবা মাহমুদ। সঙ্গে দুই ছেলেমেয়ে। দুজনই ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী। দিলরুবা বললেন, ‘আমি বাচ্চাদের জন্য ল্যাপটপ কিনতে এসেছি। কারণ মেলায় কিছুটা সাশ্রয়ী দাম পাব আশা করছি।’ নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামের প্রযুক্তি মেলা প্রাঙ্গণে কথা হয় তাঁর সঙ্গে। ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা। মেলা শুরু হয়েছে গত বুধবার। মেলা উপলক্ষে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান নানা রকম ছাড় ও উপহারের ব্যবস্থা রেখেছে। জননী কম্পিউটার্স তাদের নিজস্ব আইপিএসে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মেলায় নতুন আসা টাচ স্ক্রিন প্রজেক্টরের প্রতি আগ্রহ রয়েছে দর্শনার্থীদের।’স্মার্ট টেকনোলজিস লিমিটেড ল্যাপটপ ও ডেস্কটপে ছাড়সহ স্যামসাং ও তোশিবা ল্যাপটপের সঙ্গে উপহার দিচ্ছে ১৬জিবি পেনড্রাইভ।কম্পিউটার ভিলেজে ল্যাপটপের সঙ্গে দিচ্ছে ৪জিবি পেনড্রাইভ, মাউস, ক্লিনিং কিট ও জ্যাকেট। মেলা সম্পর্কে বিসিএস চট্টগ্রাম শাখার সম্পাদক মুহম্মদ কামরুল হাসান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেশি ছিল। বেচাবিক্রিও ভালো।মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলশিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।